সিল্ক সিটি পরিণত হবে সিলিকন সিটিতে : পলক
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে ৩টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দপত্র বিতরণ ও চুক্তি সাক্ষর করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে স্মার্ট রাজশাহী ইনোভেশন চ্যালেঞ্জ - ২০২৩ এর বিজয়ী দলের মাঝে প্রাইজ মানি বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে ফাইভ স্টার হোটেল নির্মাণের জন্য সাইমন বিচ রেস্টুরেন্ট লিমিটেড, আইটি ব্যবসায়ের জন্য ফিউচার টেক এবং রিয়াল স্টার ইন্টারন্যাশনাল লিমিটেডকে জায়গা বরাদ্দ দেয়া হয়। এছাড়াও ওয়েলদি লাইফ পয়েন্ট লিমিটেড, মিক্সবাইট, বর্তনী, মেঘনাদ টাইমস, এটুজেড বিজ-কে স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে বিনামূল্যে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে জয় সিলিকন টাওয়ারে। একইসময়ে ফিউচার টেক, নেট্রো ক্রিয়েটিভ এবং বিজনেস অটোমেশন লিমিটেড এর মধ্যে চুক্তিস্বাক্ষর সম্পাদিত হয়েছে।
শিক্ষা নগরীর পদ্মাপাড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক রাজশাহীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পলক জানান, পার্কের ৩১ একর জায়গায় প্রায় ১০ থেকে ১৪ হাজর তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য পূরণে আরো ৫-১০ বছর সময় লাগবে। এখানে অবস্থিত জয় সিলিকন টাওয়ারের ৪ লাখ বর্গফুটের বিজনেস স্পেসে ১৬টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার বর্গফুট জায়গা দেয়া হয়েছে। আরো একটি করে ফ্লোর প্লাগ অ্যান্ড প্লে এবং স্মার্টআপদের জন্য দেয়া হয়েছে। এভাবেই গত ৫০ বছরে এই নগরীতে যে উন্নয়ন হয়নি বিগত ১০ বছরে তার চেয়ে ১০০ গুণ উন্নতি হয়েছে।

পলক বলেন, আমরা আশা করি একদিন রাজশাহীর এই সিল্ক সিটি একদিন লিটন ভাইয়ের স্বপ্নের সিলিকন সিটিতে পরিণত হবে। এই পার্ক থেকেই অন্তত কয়েকটি বিলিয়ন ডলার কোম্পানি তৈরি হবে।
তবে এ জন্য স্থাপনাগুলোর ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানের সফলতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ম্যানেজমেন্ট, মেইটেন্যান্স ও সার্ভিস ডেলিভারিতে কখনো সরকার সফল হয় না। এ কারণেই এয়ার ইন্ডিয়া ভারত সরকার বেঁচে দিয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় চলবে হাইটেক পার্ক
এ কারণেই প্রতিটি হাইটেক পার্ক এর সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন, যশোরে বেসরকারি খাতে দিয়ে সেখান থেকে আয় পাচ্ছি। ঢাকা থেকে আয় পাচ্ছি। কালিয়াকৈর থেকে আয় পাচ্ছি। সিলেট থেকে আয় পাচ্ছি। কিন্তু যেখানেই আমরা সরকার নিজেরা ব্যবসা করতে গিয়েছি, কোথাও লিফট নষ্ট। কোথাও লাইট নষ্ট। কোথাও সিকিউরিটি গার্ড নাই; ইক্যুইপমেন্ট চুরি হয়ে গেছে।
এসময় সিলেট সিটি মেয়র আনেয়ারুজ্জামান চৌধুরী, জয় সিলিকন টাওয়ার প্রকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল হক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া বক্তব্য রাখেন।
এছাড়াও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির জেনারেল সেক্রেটারি মাহফুজ রহমান, ফ্লিট বাংলাদেশ প্রতিষ্ঠাতা খায়রুল আলম, এমডি ইনফোটেক প্রতিষ্ঠাতা মোঃ মঞ্জুরুল মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন







